দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে যোগ দিতে এবং দুই দেশের মধ্যে ‘শিক্ষা কূটনীতি’ জোরদার করতে ঢাকায় আসছে মালদ্বীপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উপলক্ষে ঢাকা সফরের প্রাক্কালে রোববার (১১ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি। এই সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ।
শিক্ষা কূটনীতি ও বৃত্তির সুযোগ
সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম কৌশলগত স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে পড়াশোনার ব্যাপক সুযোগ রয়েছে।
হাইকমিশনার আক্ষেপের সঙ্গে উল্লেখ করেন যে, বাংলাদেশ সরকার মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থায়নে ৭টি চিকিৎসা বৃত্তির (স্কলারশিপ) সুযোগ দিয়ে থাকে, যা এখনো প্রত্যাশিতভাবে ব্যবহৃত হয়নি।
শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ
মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনায় আকৃষ্ট করতে হাইকমিশনার বলেন, “স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা, সরাসরি বিমান যোগাযোগ এবং মাত্র সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ সময় মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। শিক্ষাক্ষেত্রে এই সহযোগিতা দুই দেশের জনগণের বন্ধন আরও সুদৃঢ় করবে।”
বাংলাদেশের শিক্ষার প্রশংসা মালদ্বীপের মন্ত্রীর
মালদ্বীপের প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী মালদ্বীপের অনেক চিকিৎসক বর্তমানে দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি মালদ্বীপে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আরও বৃদ্ধি করেছে।”
তিনি শিক্ষা সংক্রান্ত তথ্য ও সুযোগ-সুবিধা মালদ্বীপের শিক্ষার্থীদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর জোর দেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, আগামী সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং সেখানে তিনি বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন।
সাক্ষাৎ শেষে হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরকালীন সময়ে সব ধরনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










