সুনামগঞ্জে জয় মহাপাত্র নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো সাম্প্রদায়িক অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
ঘটনা কী এবং অপপ্রচার কী?
বাংলাফ্যাক্ট জানিয়েছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাডহর গ্রামে শুক্রবার (৯ জানুয়ারি) বিষক্রিয়ায় জয় মহাপাত্র নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে সাম্প্রদায়িক রঙ ছড়িয়েছে। প্রতিবেদনগুলোতে দাবি করা হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণেই জয় মহাপাত্রকে হত্যা করা হয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, জয় মহাপাত্রের মৃত্যুর ঘটনায় ধর্মীয় কোনো বিষয় বা সাম্প্রদায়িক ইস্যু জড়িত নেই। এটি মূলত আর্থিক লেনদেন সম্পর্কিত একটি ঘটনা। সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বাংলাফ্যাক্টকে নিশ্চিত করে বলেন, “জয় মহাপাত্রের মা একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে এই ঘটনায় ধর্মীয় কোনো বিষয় নেই।”
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা ও অপতথ্যের বিস্তার
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা রকম ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপপ্রচার বিশেষ করে অন্তর্বতিন সরকার এবং ২০২৪ সালের গণ-আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’-এর কার্যক্রম
‘বাংলা ফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি ফ্যাক্ট চেক, মিডিয়া রিসার্চ ও অ্যানালাইসিস টিম। এই টিম নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই বাংলাফ্যাক্টের দায়িত্ব।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক









