বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার সিদ্ধান্ত জানান।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন এবং যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমান। এ ছাড়া সদর উপজেলার আরও ১০ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেন।
অন্য পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদ্য পদত্যাগকারী সদর উপজেলা প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই প্রত্যাশার সঙ্গে দলের অবস্থানের স্পষ্ট অসামঞ্জস্য দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে তাঁরা দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সময়ের সঙ্গে তার ব্যত্যয় ঘটেছে। এ কারণেই তিনি নিজে এবং তাঁর সঙ্গে থাকা আরও ১১ জন নেতাকর্মী দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মো. আলী হোসেন বলেন, তাঁর ব্যক্তিগত রাজনৈতিক চিন্তাধারা ও দলের রাজনৈতিক দর্শনের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ায় ব্যক্তিগত কারণেও তিনি বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
এই পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আফরিনা সুলতানা/










