বিজ্ঞানীরা শুধু গবেষণা করেন, কৃষি আসলে বোঝেন কৃষকরাই: কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, “এ দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বোঝেন। বিজ্ঞানীরা ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করেন, আর কৃষকরা সেসব ফসল হাড়ভাঙা খাটুনি দিয়ে উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন। কৃষকরা উৎপাদন না করলে দেশের বিশাল জনগোষ্ঠীর খাবারের জোগান দেওয়া সম্ভব হতো না।”
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের নশিপুরে পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাটে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ২৫ বছর মেয়াদী পরিকল্পনা সচিব বলেন, বর্তমানে দেশের পাটের বীজের একটি বড় অংশ ভারত থেকে আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি নিশ্চিত করতে ২৫ বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। চরাঞ্চল ও জলাবদ্ধ এলাকাতেও যেন পাটের চাষ করা যায়, সেজন্য পরিবেশ সহনশীল নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে পাটের গুরুত্ব তুলে ধরে তিনি কৃষকদের আশ্বস্ত করেন যে, পাটের আঁশের পাশাপাশি বীজ উৎপাদন করেও তারা লাভবান হতে পারবেন।
গম চাষে ব্লাস্ট রোগ প্রতিরোধের সাফল্য গমের আবাদ বৃদ্ধি প্রসঙ্গে সচিব বলেন, দেশে গমের যে চাহিদা তার পুরোটা জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিজ্ঞানীরা গমের ‘ব্লাস্ট’ রোগ প্রতিরোধী উন্নত জাত ও আধুনিক দমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। গমের মানসম্মত বীজের সংকট নিরসনে এবং ফলন বাড়াতে সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তা প্রদানের পরিকল্পনা নিচ্ছে।
মাঠ পরিদর্শন ও প্রশিক্ষণ এর আগে কৃষি সচিব নশিপুরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ক্ষেত পরিদর্শন করেন। পরে তিনি গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গম বীজ সংরক্ষণ ও উৎপাদন প্রযুক্তির ওপর আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে দিনাজপুর সদর, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গিস আক্তার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডলসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

–লামিয়া আক্তার