বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।”
খালেদা জিয়ার দেশের প্রতি গভীর অনুরাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “খালেদা জিয়া বলেছিলেন—দেশের বাইরে তার কোনো জায়গা নেই, তিনি দেশেই মৃত্যুবরণ করবেন। আল্লাহতায়ালা তার সেই ইচ্ছা কবুল করেছেন।”
দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ডিপ্লোমা প্রকৌশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।










