কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে উত্তর পুমদী পাইকুডা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘন করে কৃষি জমি ও বিল এলাকা থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটিকাটার সময় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, “অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আইন অমান্য করে যারা বিল বা কৃষি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ)










