প্রার্থিতা ফিরে পেতে শেষ মুহূর্তের লড়াই: আপিলের সময় শেষ হচ্ছে আজ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনেও নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছেন মনোনয়ন প্রার্থীরা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় মোট ৪০ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণের সময়সীমা নির্ধারিত রয়েছে।
আপিলের পরিসংখ্যান: ইসি সূত্রে জানা গেছে, গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশ থেকে মোট ৪৬৯টি আপিল জমা পড়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার এক দিনেই সর্বোচ্চ ১৭৪টি আবেদন জমা পড়েছিল; যার মধ্যে ১৬৪টি ছিল মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে এবং ১০টি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চ্যালেঞ্জ।
মাঠচিত্র ও প্রার্থীদের বক্তব্য: আজ দুপুরে রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান আপিল জমা দিয়ে জানান, তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় কমিশনে এসেছেন। নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ভোটার সমর্থন সংক্রান্ত জটিলতাকে দায়ী করেন। তিনি বলেন, “ভোটের আগে প্রকাশ্যভাবে ভোটার সমর্থন যাচাই করা যৌক্তিক নয়। আশা করি, কমিশন আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।”
নির্বাচনী সূচি ও বর্তমান অবস্থা: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে ৩০০ আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল আবেদন আজ শেষ হচ্ছে। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি (সকাল সাড়ে ৭টা পর্যন্ত)।
ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা)।
সংশোধিত তফসিল অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।

 

 

–লামিয়া আক্তার