সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহৃত হওয়ার পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ অপহরণ করার অভিযোগে ২জনকে আটক করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে স্কুল পড়ুয়া মেয়েকে (১৫) উদ্ধার করেছে । অপহরণের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছে, মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) ও একই থানাধীন কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায় যে, দক্ষিণ সুরমার মোগলাবাজারের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের সামন থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুজন তরুণকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করেন। বুধবার (৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ওসি মনির হোসেন।
– রাসেল রানা










