১৪০ প্রজাতির ফুলের সমারোহে সেজেছে ডিসি পার্ক: সীতাকুণ্ডে ফুল উৎসব শুরু ৯ জানুয়ারি

ইসমাইল ইমন | চট্টগ্রাম প্রতিনিধি

ফুল মানেই রঙ, সৌরভ আর প্রকৃতির নীরব কথামালা। ফুলপ্রেমী মানুষের জন্য সেই রঙের দুনিয়া আর সৌরভের পসরা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আবারও শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট এলাকার দৃষ্টিনন্দন ডিসি পার্কে আগামী ৯ জানুয়ারি থেকে এই উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে, যা গত বছরের চেয়েও বড় ও আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজকরা।

শীতের বিদায় এবং বসন্তের আগমনীর এই সময়ে প্রায় ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের বর্ণিল সাজে সেজে উঠেছে পুরো পার্ক এলাকা। এবারের উৎসবকে ঘিরে দেশের বাইরে থেকেও প্রায় ১৬ থেকে ১৭ প্রজাতির নতুন ফুল গাছ সংগ্রহ করা হয়েছে, যা দর্শকদের জন্য এক নতুন আকর্ষণ তৈরি করবে।

এবারের আয়োজনে যা থাকছে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম জানান, “গত বছরের চেয়েও এবার আরও সুন্দরভাবে পার্কটি সাজানোর চেষ্টা চলছে। গতবার দর্শনার্থীরা শুধু একপাশে সৌন্দর্য উপভোগ করতে পারতেন, কিন্তু এবার আমরা পুকুরের দুই পাশেই ফুলের বাগান করেছি, যাতে দর্শনার্থীরা পুরো এলাকা ঘুরে আনন্দ উপভোগ করতে পারেন।”

তিনি আরও বলেন, উৎসবকে প্রাণবন্ত রাখতে মাসজুড়ে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে থাকছে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, পিঠা উৎসব, জিপ লাইন এবং চিত্র প্রদর্শনী

উদ্বোধনের আগেই দর্শনার্থীদের ভিড়
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই ফুল উৎসবের সৌন্দর্য উপভোগ করতে ডিসি পার্কে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। ফুলের মন ভোলানো সৌরভ আর রঙের মেলায় মুগ্ধ হচ্ছেন তারা। দর্শনার্থীদের সুবিধার জন্য পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

চট্টগ্রাম শহর ও এর আশেপাশের প্রকৃতিপ্রেমী মানুষের জন্য জানুয়ারির এই ফুল উৎসব একটি অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।