রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্তকে অসাংবিধানিক দাবি করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই আইন, প্রথা ও নীতির অংশ হিসেবে চলে আসছে। সেই ধারাবাহিকতায় এতদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকলেও হঠাৎ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা সংবিধানপরিপন্থী।
নোটিশে সংবিধানের ৩১ অনুচ্ছেদ উদ্ধৃত করে বলা হয়, আইন ছাড়া কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। পাশাপাশি ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন বলতে বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। সে অনুযায়ী রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার দীর্ঘদিনের রীতি উপেক্ষা করে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে। এই অবস্থায় রোজা রাখা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে এবং এতে ধর্মীয় অনুশীলন থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা ধর্মীয় চর্চার অন্তরায়। পাশাপাশি রমজান মাসে স্কুল চালু থাকলে নগর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে জানানো হয়, রমজান মাসে স্কুল বন্ধ না রাখলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। এতে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে, যা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও আগের বছরের তুলনায় ছুটি ১২ দিন কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে।
তবে কলেজ পর্যায়ের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজে মোট ৭২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময়ই কলেজ বন্ধ থাকবে।
মালিহা










