সিলেটে সম্পদের দিক দিয়ে স্বামীর চেয়ে স্ত্রীরা এগিয়ে

 

প্রভাবশালী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের স্ত্রীর নামে রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও অঢেল নগদ টাকা। প্রার্থীদের তুলনায় তাদের স্ত্রীরা বেশি সম্পদশালী। স্ত্রীরা কীভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি অনেক প্রার্থীর হলফনামায়।

এয়োদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেখা দিয়েছে ভোটের মাঠে উত্তাপ। রাজনীতিতে স্বামী সক্রিয় থাকলেও সম্পদের পাহাড় গড়েছেন স্ত্রীরা। আসন্ন নির্বাচনের হলফনামায় এমন চিত্রই ফুটে উঠেছে। এদিকে, সিলেটের ছয়টি আসন থেকে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অবশিষ্ট ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেটে মনোয়ন স্থগিত ৫ জনের মধ্যে দুজন বিএনপির প্রার্থী। এদের একজন সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালিক, অপরজন সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল চৌধুরী।

সামার সম্পদ বৃদ্ধি পেয়েছে
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। হলফনামায় তিনি প্রায় সাড়ে ৮ একর জমির দাম দেখিয়েছেন মাত্র ২০ লাখ ১৫ হাজার ২৮২ টাকা। পাঁচ হাজার ৩৫ বর্গফুটের অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন ৩২ লাখ ৩৩ হাজার ৭৩০ টাকা। স্ত্রী সামা হক চৌধুরীর নামে আছে ১৯ হাজার ৫৯৩ বর্গফুট বাড়ি, যার দাম দেখানো হয়েছে পাঁচ কোটি ৬০ লাখ এক হাজার ২৬০ টাকা। ছয় কোটি ৮৬ লাখ ৪৪ লাখ ৮৮২ লাখ টাকার সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়ছে ১৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৮৮২ টাকা। আর স্ত্রীর নামে থাকা পাঁচ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকার সম্পদের বর্তমান মূল্য ছয় কোটি ৯৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা দেখানো হয়েছে। আরও দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২৩ সাল পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। ওই সময় তার বার্ষিক আয় ছিল সাত লাখ ৫৮ হাজার টাকা। ২০২৫ সালে এসে তার আয় বেড়েছে ৪ গুণ। স্বশিক্ষিত আরিফের বর্তমান আয় ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকায়। ৭ বছর আগে স্ত্রী সামা হক চৌধুরীর নামে স্থাবর সম্পদ ছিল না। এখন তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক।

শিশির মনিরের তুলনায় স্ত্রীর আয় বেশি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শিশির মনিরের স্থাবর কোনো সম্পত্তি নেই। তবে তিনি ৫১ লাখ ৪ হাজার ৩০৪ টাকা মূল্যের অস্থাবর সম্পদের মালিক। এদিকে শিশির মনির কোটির ঘর ছুঁতে না পারলেও তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান একজন কোটিপতি। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ২৬৩ টাকা। পেশায় আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় ৫২ লাখ ৬০ হাজার টাকা। তার নিজের নামে কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান একজন বেসরকারি চাকুরিজীবী।

ইলিয়াসের স্ত্রী লুনা
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। সম্পদের আর্থিক মূল্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন বিএনপির এই প্রার্থী। তার ১ কোটি ৫০ লাখ টাকার অস্থাবর ও ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদসহ মোট সম্পদ ২ কোটি ২৫ লাখ টাকা ছাড়িয়েছে।

মোস্তাকিম রাজার স্ত্রীর নামে সম্পদ
সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী।  এই ব্যবসায়ীর বার্ষিক আয় ৪ কোটি ৮২ লাখ টাকার বেশি। তার নিজ নামে অস্থাবর সম্পদ ৩ কোটি ৬৩ লাখ টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা। স্ত্রী ও নির্ভরশীলদের নামেও রয়েছে স্থাবর সম্পদ।

জাপার আতিকের স্ত্রীও বিত্তবান

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমানের অস্থাবর সম্পদ রয়েছে এক কোটি ১৭ লাখ ১৯ হাজার ১৬৩ টাকার। তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে ৬২ লাখ ৪৫ হাজার টাকার। এছাড়াও আতিকুর রহমানের নিজের নামে স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ০৬ লাখ ৮৮ হাজার ৫২৫ টাকার। তার স্ত্রীর ৬৮ লাখ ৮২ হাজার ৫২৫ টাকার স্থাবর সম্পদ রয়েছে।

খেলাফতের প্রার্থীর স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পদ

সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইনের ১ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ৯৯২ টাকার অস্থাবর সম্পদ ও দেড়কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর নামেও রয়েছে আড়াই লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ।

 

রাসেল রানা