যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকাণ্ডে নষ্ট শত শত বছরের পুরনো নথি

ছবি:সংগৃহীত

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে অগ্নিকাণ্ডে প্রায় তিনশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ভবনটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই রেকর্ড রুমে সংরক্ষিত ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বহু মূল্যবান নথি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, আগুন লাগার সময় ভবনটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মচারী উপস্থিত ছিলেন না। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের দুটি কক্ষে রাখা পুরনো কাগজপত্র সম্পূর্ণ পুড়ে গেছে বলে তিনি জানান।

ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন বলেন, এই রেকর্ড রুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত ছিল। খুব প্রয়োজন ছাড়া সাধারণত ভবনটির দরজা খোলা হতো না। আগুনের পর ভেতরে গিয়ে দেখা যায়, অধিকাংশ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং কিছু অবশিষ্ট নথি পানি লাগায় নষ্ট হয়েছে।

যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, ভবনটিতে নিয়মিত তালা দেওয়া থাকত এবং একজন নৈশ প্রহরীর দায়িত্ব ছিল। তবে আগুন লাগার সময় তাকে সেখানে পাওয়া যায়নি।

এদিকে রেজিস্ট্রি অফিসের একটি সূত্র দাবি করেছে, ঘটনাটি রহস্যজনক। ভবনটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম। পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর আচরণও সন্দেহজনক বলে সূত্রটি জানিয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

আফরিনা সুলতানা/