কিশোরগঞ্জ -১ আসনে মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

কিশোরগঞ্জ -১(সদর-হোসেনপুর) আসনে শত বাধা বিপত্তি উপেক্ষা করে গতকাল সোমবার অবশেষে কিশোরগঞ্জ জেলা বিএনপির পরপর তিনবারের সফল সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে তৃণমূলের নেতাকর্মীসহ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৮ জন। এদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামকে প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়ার পর বঞ্চিত পাঁচ প্রার্থী এক মঞ্চে উপস্থিত হয়ে মশাল মিছিল,মানববন্ধন,ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। কিন্তু এতে কোনো প্রতিকার মেলেনি। দলের হাইকমান্ডের পূর্ব সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। ফলে কিশোরগঞ্জ ও হোসেনপুরের আপামর জনতা আগামী দিনে সংসদ সদস্য হিসেবে মাজহারুলের প্রতিই আস্থাশীল বলে দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ-১ আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন সাবেক এমপি মোঃ মাসুদ হিলালী,সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ মোঃ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ রব্বানী,সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল হোসাইন,ব্যারিস্টার আতিকুল ইসলাম।

মোঃ শামছুল হক
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি