রাজশাহীতে উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু। জেলার হাটবাজারে ক্রেতারা নতুন আলু কিনছেন ৩০-৪০ টাকা কেজি দরে। নতুন আলু বাজারে আসায় কেনাবেচা প্রায় বন্ধ পুরোনো আলু। আড়তদার ও পাইকারি আলু ব্যবসায়ীরা বলছেন, পুরোনো আলু কেউ কিনছেন না। খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীর ৩৯টি হিমাগারে এখনো ৪৫ হাজার টন পুরোনো আলু মজুত থেকে গেছে।
রাজশাহীর বায়াতে অবস্থিত সরকার কোল্ড স্টোরেজের এক ব্যবস্থাপক জানান, তাদের হিমাগারে এখনো ১৩ হাজার ৫০০ বস্তা পুরোনো আলু পড়ে আছে। কয়েকদিন আগে ১১ টাকা কেজি দরে কিছু আলু বিক্রি হয়েছে। কিন্তু গত এক সপ্তাহে কোনো ক্রেতা আসেনি। তানোরের রহমান কোল্ড স্টোরেজের কর্মী আলমগীর হোসেন বলেন, ‘আলু ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা মাইকিং করছি প্রতিদিন। কিন্তু চাষি বা ব্যবসায়ীরা কেউ আসছেন না।’
রাজশাহী কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত মৌসুমে রাজশাহীতে আলু চাষ হয়েছিল ৪০ হাজার ৪০০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১০ লাখ ১৩ হাজার টন। এবার চাষিরা আলু চাষ কমিয়ে দিয়েছেন।
মামুন/










