প্রশাসন ‘পূর্বের রূপে’ ফিরছে, পাতানো নির্বাচনের চেষ্টা করলে রক্ষা নেই: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন যে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো পক্ষপাতমূলক রূপে ফিরে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অতীতের মতো আবারও কোনো পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে এদেশের মানুষ তা মেনে নেবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রকাশ্য পক্ষপাতিত্বের কারণে এখন সরকারি কর্মকর্তারাও রাজনৈতিক দলের হয়ে ভোট চাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তার ‘ধানের শীষের’ পক্ষে ভোট চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রসঙ্গটি টেনে আনেন এবং একে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেন।

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তিনি বলেন, “১১-দলীয় জোটের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ দিলেও কমিশন ব্যবস্থা নিচ্ছে না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে। এই দ্বিমুখী আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।”

আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকলেও ৫ আগস্টের পর বাংলাদেশে সেই সুযোগ আর নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “প্রশাসনকে ব্যবহার করে যদি কেউ আবারও পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তবে মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। প্রয়োজনে দেশের মানুষ ভোটের অধিকার রক্ষায় আবারও জীবন দেবে।”

পদযাত্রায় নাটোর-৩ আসনের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় নেতা মনিরা শারমিনসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লামিয়া আক্তার