এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ: বাস-ট্রাকের ধাক্কায় আহত ছয়

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়িতে ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে মাওয়ামুখী লেনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসে আটকা প্রায় অর্ধশত যাত্রীকে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করি। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল। এই কারণে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার ফলে মাওয়ামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কিছু সময়ের মধ্যে উদ্ধার অভিযান শেষ হলে লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে রয়েছেন নিয়ামত (২২), ইয়াছিন (১৯), হায়দার আলী (৪৫), আমেদ মিয়া (৬৫), জুলেখা আক্তার (৩৯) ও রেজবি মিয়া (৪২)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ জানতে পুলিশের তদন্ত চলছে। অন্যদিকে ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে, যা এখনও আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ব্যবস্থা নায় লেনটি পুনরায় যান চলাচলের জন্য মুক্ত করা হয়। আহত যাত্রীদের পরিবার ও স্থানীয়রা বলেন, কুয়াশার কারণে সড়কে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

বিথী রাণী মণ্ডল\