বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ নেতার স্ত্রী-সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ওরফে কাম্বু মিয়ার স্ত্রী চায়না বেগম (৩৫) ও তাদের স্কুল পড়ুয়া মেয়ে খাদিজা খাতুন (১৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বজন ও স্থানীয়রা জানান, কামরুল ইসলাম শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী । অভাবসহ নানা কারণে কামরুল ও চায়না খাতুন দম্পতির মধ্যে কলহ দেখা দেয়। এ নিয়ে কামরুল মাঝে মাঝে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ কর্মী (কার্যক্রম নিষিদ্ধ) কামরুল ইসলাম মামলায় জড়িয়ে পড়েন। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে থাকতেন। শুক্রবার জুমার পর প্রতিবেশিরা ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো চায়না ও খাদিজার ঝুলন্ত লাশ দেখতে পান।

এ বিষয়ে চায়না বেগমের বাবা তারাজুল ইসলাম জানান, বিয়ের পর থেকে কারণে-অকারণে কামরুল তার স্ত্রীকে নির্যাতন করতেন। এক সময় তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটলেও মেয়ের অনুরোধে পুনরায় সংসার জোড়া লাগে। তবে এটি হত্যা না আত্মহত্যা সে সম্পর্কে তিনি জানেন না।

সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, “ঘটনার সময় গৃহকর্তা বাড়িতে ছিলেন না। তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও তদন্ত করলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে”।

-ইউসুফ হোসেন রনি