প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। আর স্বাস্থ্যের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এখন পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী।
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ২০ ডিসেম্বর শাহবাগে সমাবেশ থেকে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। এই সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাঁদের পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ।
এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা কথা হচ্ছে। এই পরিস্থিতিতে রাতে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তাৎক্ষণিকভাবে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
মামুন/










