পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামে তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে রোববার (২১ ডিসেম্বর) ভোরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্য বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

৫১ বিজিবি জানায় ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর পাঁচটার দিকে ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দহগ্রাম-আঙ্গরপোতা বিওপির ডাঙাপাড়া এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস-এর কাছ দিয়ে বিএসএফের এক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ৫০ থেকে ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির বিজিবি সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, গরু চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে কুয়াশার মধ্যে পথ হারিয়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁকে আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

বিএসএফের আটক সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। এ বিষয়ে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দুঃখ প্রকাশ করে ভুল স্বীকার করে এবং বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে। পাশাপাশি আটক সদস্যকে ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।