আজ তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

আজ রোববার (২১ ডিসেম্বর, ২০২৫), প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন।

বৈঠকটি আজ দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন (ইসি সচিবালয়)-এ শুরু হওয়ার কথা রয়েছে।সিইসির সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত থাকবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, যৌথ বাহিনীর অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হবে।

তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর আজ দুপুর ২:৩০ মিনিটে নির্বাচন কমিশন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আরও একটি উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে। 

উল্লেখ্য যে, নির্বাচন কমিশন ইতোমধ্যে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
মামুন/