নির্বাচনে নৌবাহিনীর ৫০০০ সদস্য মোতায়েনের পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। গতকাল সকালে নগরীর পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান। নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ শেষে রীতি অনুযায়ী এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয়সংখ্যক জাহাজ ও ক্রাফটসহ আনুমানিক ৫ হাজার নৌসদস্যকে নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি।’

মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশনভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফরম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশীয় প্রযুক্তিতে ও নিজস্ব সক্ষমতায় লার্জ পেট্রোল ক্রাফট, এলসিটি, ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহ থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট, বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।’
‘সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন, প্রাকৃতিক দুর্যোগে দেশ-বিদেশে মানবিক সহযোগিতা, সংকটকালে আইনশৃঙ্খলা রক্ষা, ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল ও উদ্ধার অভিযান পরিচালনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গৌরবময় ভূমিকা পালনের পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও নৌবাহিনী প্রসংশনীয় অবদান রেখে যাচ্ছে। নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের সদাপ্রস্তুত থাকার নির্দেশনা দেন।

এর আগে কুচকাওয়াজ পরিদর্শন করে প্রশিক্ষণ সমাপনকারী কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ সব বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। মিডশিপম্যান এসএম আবরার ওবাইদ প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ লাভ করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান, অতিথি এবং প্রশিক্ষণ সম্পন্নকারী মিডশিপম্যানদের অভিভাবকরা নবীন কর্মকর্তাদের অ্যাপুলেট পরিয়ে দেন। এ ছাড়াও, কুচকাওয়াজ অনুষ্ঠানে নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩-এ ব্যাচের ২ নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।