মিরপুরে চিড়িয়াখানার খাঁচা থেকে বাইরে সিংহী

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী বাইরে বের হয়ে গেছে। বের হয়ে সেটি চিড়িয়াখানার ভেতরে অবস্থান করছে। সিংহীটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি এবং কেউ হতাহত হয়নি।  কিন্তু সিংহীটি কিভাবে খাঁচার বাইরে এসেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহী পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহীটি এখন পর্যন্ত খাচার পাশে শুয়ে আছে। একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব। সিংহী এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই। তদন্ত করে বলা যাবে সেটি কিভাবে সেখান থেকে বের হলো।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, সিংহীটি বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচার পাশে বসেছে। অচেতন করার জন্য কোনো দিক থেকে তাকে গুলি করা যাচ্ছে না। চিড়িয়াখানা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়ে আছেন, নড়াচড়া করলে সেটাকে অজ্ঞান করা যাবে। এছাড়া বিকাল হওয়াতে দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময় ছিল। ঘটনার পর দর্শনার্থীদের বের করে দেওয়া হয়েছে।