মার্কিন বিমান বাহিনীর এলিট থান্ডারবার্ডস ডেমোনস্ট্রেশন স্কোয়াড্রনের একটি এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ার মরু এলাকায় বিধ্বস্ত হয়েছে। বুধবার প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। তবে তিনি সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, পাইলটকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার আঘাত প্রাণঘাতী নয়। এ খবর দিয়েছে এনবিসি নিউজ।
এতে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। নেভাডার নেলিস এয়ার ফোর্স বেস এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাটি ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায় ঘটে। মোহাভি মরুভূমির এই এলাকা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৮০ মাইল উত্তরে অবস্থিত।
২০২২ সালে একই এলাকার কাছে নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছিলেন। এ দুর্ঘটনার কারণ তদন্তাধীন। তদন্তের তথ্য ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে জানানো হবে। ১৯৫৩ সালে গঠিত থান্ডারবার্ডস স্কোয়াড্রন লাস ভেগাসের নিকটবর্তী নেলিস বেসে মৌসুমি প্রশিক্ষণ চালায়। সেখানে এফ-১৬ ফ্যালকন, এফ-২২ র্যাপ্টর এবং এ-১০ ওয়ারথগসহ বিভিন্ন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।










