গভীর রাতে আগুনে পুড়ে গেছে দুটি বিআরটিসি বাস নোয়াখালী

নোয়াখালীতে গভীর রাতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোয় পার্ক করা দুটি দ্বিতল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বাস দুটি নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা–নেওয়ার জন্য ব্যবহার করা হতো। নাম ছিল ‘মালতী’ ও ‘গুলবাহার’। আগুন দেওয়ার এ ঘটনায় আরও একটি বাস আংশিক পুড়েছে। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে নোয়াখালীর মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সোনাপুর বিআরটিসির বাস ডিপোয় যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।’