বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন।
জার্সি উন্মোচন উপলক্ষ্যে গতকাল সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জাঁকজমক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
তিনি বলেন, ‘ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।’
মার্সেলো কার্লোস সেসা আরও বলেন, ‘বিশ্বজুড়ে ওয়ালটনের গ্রহণযোগ্যতার জন্যই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে তার আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নিয়েছে। এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি। যা মানুষকে অনুপ্রাণিত করে।’
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, ‘আর্জেন্টিনার ফুটবল চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লাখ লাখ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত।’
ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
উল্লেখ্য, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এর মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে প্রতিষ্ঠানটি। আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করা হয়েছে। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা এই ফ্যান জার্সি পাবেন বলে জানা গেছে।
-সাইমুন










