গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে পূর্ব রায়েরবাজারের ১৪৭ নম্বর ‘জাহানারা ভিলা’র নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন-গৃহকর্তা শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের শিশুসন্তান মায়ান (৩) এবং রোমানের শ্যালক অপু (২৩)। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বাসিন্দা শেখ রোমান পরিবার নিয়ে ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বাসায় আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, রাতে লাইনের গ্যাসের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল, যা ভোরে আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরিত হয়। প্রতিবেশীরা দ্রুত দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের অবস্থা বেশ জটিল। শরীরের দগ্ধের পরিমাণ নিম্নরূপ: পিংকি আক্তার: ৭৫ শতাংশ (অতি আশঙ্কাজনক), শেখ রোমান: ২৫ শতাংশ, শিশু মায়ান: ২৪ শতাংশ, অপু: ৭ শতাংশ।

ডা. শাওন আরও জানান, দগ্ধদের মধ্যে পিংকি আক্তার ও অন্য একজনকে বর্তমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

লামিয়া আক্তার