বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য আমরা সজাগ রয়েছি। কোনো অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে মুনাফা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নরসিংদী বড় বাজার মনিটরিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে নরসিংদী বড় বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং পণ্যসামগ্রীর দাম ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মনিটরিং চলাকালে তিনি ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, আমরা চাই মানুষ শান্তিতে রোজা পালন করুক। আমি ভোক্তা অধিকার ও প্রশাসনকে স্পষ্ট বলে দিয়েছি, নিয়মিত মনিটরিং অব্যাহত রাখতে হবে, যাতে কেউ সাধারণ মানুষের পকেট কাটতে না পারে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
-সাইমুন










