দুই বাসের ভয়াবহ দুর্ঘটনা, নিহত দুজন

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেস সড়কে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত এবং দু–তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবার কালু বেপারি কান্দি আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সরদার (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি এলাকার বাহারুল সরদারের ছেলে। অপর নিহত ইউনুস মোল্লা গোপালগঞ্জ সদরের বাসিন্দা। তাদের একজন স্টার এক্সপ্রেস পরিবহনের চালকের সহকারী এবং অন্যজন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহন নামের একটি বাস জমাদ্দার স্ট্যান্ডে আন্ডারপাসের ওপর এক্সপ্রেস সড়কের পাশে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ভাঙ্গাগামী স্টার এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

-সাইমুন