জাতীয় সংসদের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ঋণখেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়ে বৈধ সুবিধা না নেওয়া সংসদ সদস্যদের সাধু সাজাচ্ছে। পাশাপাশি নতুন সরকার ক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রূপায়ণ ট্রেড সেন্টারে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “বৈধ সুবিধা না নেওয়া প্রসঙ্গে জনগণের সামনে সাধু সাজানো হচ্ছে। অথচ মন্ত্রিসভায় ঋণখেলাপি ব্যবসায়ী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রিসভা আঞ্চলিক ও সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক নয়, নারীর অংশগ্রহণ এবং বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব কম। একই সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য তুলে ধরে উল্লেখ করেন, ৬২ শতাংশ সংসদ সদস্য ঋণগ্রস্ত এবং মন্ত্রিসভায় ব্যবসায়ীর সংখ্যা অর্ধেকের বেশি।
নাহিদ ইসলাম সরকারের ওপর বাজার নিয়ন্ত্রণ এবং রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের অন্যান্য নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-বেলাল









