ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স স্থগিত এড়াল টেসলা

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ক্যালিফোর্নিয়ায় তাদের ডিলার ও উৎপাদন লাইসেন্স ৩০ দিনের জন্য স্থগিত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কোম্পানিটি গাড়ির বিপণনে “Autopilot” শব্দের ব্যবহার বন্ধ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কী ছিল অভিযোগ?

২০২২ সালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (DMV) অভিযোগ তোলে, Tesla তাদের উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তির ক্ষেত্রে “Autopilot” এবং “Full Self-Driving (FSD)” নাম ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করছে।

পরবর্তীতে টেসলা “Full Self-Driving”–এর বর্ণনায় সংশোধন এনে জানায়, এ ফিচার ব্যবহারে চালকের সক্রিয় তদারকি প্রয়োজন। গত ডিসেম্বর থেকে DMV মূলত “Autopilot” শব্দটির ব্যবহার নিয়েই আপত্তি জানায়।

কেন গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়া?

ক্যালিফোর্নিয়া টেসলার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার। তাই লাইসেন্স স্থগিত হলে বিক্রি বড় ধাক্কা খেত। DMV আগেই সাময়িকভাবে স্থগিতাদেশের আদেশ পিছিয়ে দেয়, যাতে কোম্পানিকে অভিযোগ সংশোধনের সুযোগ দেওয়া হয়।

বাজার পরিস্থিতি

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির বিক্রি সম্প্রতি চাপে রয়েছে, বিশেষ করে  গুরুত্বপূর্ণ ট্যাক্স ক্রেডিট সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর। এ পরিস্থিতিতে লাইসেন্স স্থগিত হলে টেসলার জন্য তা আরও বড় চ্যালেঞ্জ তৈরি করত।

ভবিষ্যৎ পরিকল্পনা

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি কোম্পানির ফোকাস স্বচালিত রোবোট্যাক্সি এবং মানবাকৃতির রোবট প্রযুক্তির দিকে সরিয়ে নিচ্ছেন।

“Autopilot” ফিচার গাড়িকে মহাসড়কে গতি নিয়ন্ত্রণ, ব্রেক ও লেন ধরে রাখতে সহায়তা করে। আর “Full Self-Driving” শহরের রাস্তায় লেন পরিবর্তন ও ট্রাফিক সিগন্যাল শনাক্ত করতে সক্ষম তবে এখনো সম্পূর্ণ স্বয়ংক্রিয় নয় এবং চালকের তদারকি প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তির বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করা এখন গাড়ি নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাবরিনা  রিমি/