দেরিতে আসায় জামায়াত ও স্বতন্ত্রদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন আজ এক ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে শপথ গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ে সংসদ ভবনে পৌঁছাতে না পারায় তিনি নিজ দলের এমপিদের সাথে শপথ নিতে পারেননি। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে তিনি শপথ গ্রহণ করেন।

সকাল ১০টায় সিইসি এ এম এম নাসির উদ্দিন যখন বিএনপির ২০৯ জন সংসদ সদস্যকে শপথ পাঠ করাচ্ছিলেন, তখন ইশরাক হোসেন সেখানে উপস্থিত ছিলেন না। পরে দুপুরে যখন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র এমপিদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তখন ইশরাক হোসেন তাদের সাথে সারিবদ্ধ হয়ে শপথ নেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি একাত্মতা পোষণ করে তিনি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন; সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সকালে জানিয়েছিলেন যে, আইনি অস্পষ্টতার কারণে তাদের দলের কোনো সদস্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। ইশরাক হোসেন দেরিতে আসলেও দলের সেই নীতিগত সিদ্ধান্ত মেনে চলেছেন। শপথ শেষে তিনি সাংবাদিকদের জানান, যানজট ও ব্যক্তিগত কারণে সময়মতো পৌঁছাতে না পারলেও তিনি সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।

লামিয়া আক্তার