তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতা থাকলেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯ হাজার ৮৭৬ দশমিক ৮৭ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯ হাজার ৩২০ দশমিক ৫৮ কোটি টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে মাত্র ৫০ হাজার ৫৫৬ দশমিক ২৯ কোটি টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
এমনকি গত অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের সময়ের তুলনায়ও এবারের ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। এর আগে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর থেকে প্রতি বছরই এই সময়ে ব্যয়ের পরিমাণ চলতি বছরের চেয়ে বেশি ছিল।
তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতা থাকলেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯ হাজার ৮৭৬ দশমিক ৮৭ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৯ হাজার ৩২০ দশমিক ৫৮ কোটি টাকা।
আইএমইডির তথ্যমতে, বিগত বছরগুলোতেও বাস্তবায়নের হার বর্তমানের চেয়ে সন্তোষজনক ছিল। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ।
গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২১ দশমিক ৫২ শতাংশ। আইএমইডির ওয়েবসাইটে থাকা বিভিন্ন অর্থবছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের এই বাস্তবায়ন হার সাম্প্রতিক ইতিহাসের সর্বনিম্ন।
উল্লেখ্য, স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নসহ চলতি অর্থবছরের এডিপিতে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ দশমিক ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও বরাদ্দের বড় একটি অংশই এখনো অব্যবহৃত রয়ে গেছে।
-মহিব










