নির্বাচনে বিজয়ী হয়ে জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতির মাঝেই রাজনৈতিক মিত্র ও অংশীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর দেশে ইতিবাচক রাজনীতির ধারা বজায় রাখতে এবং সহিংসতা রোধে ঐক্যবদ্ধ থাকার বার্তা নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের বাসভবনে যান।
গতকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সাক্ষাৎকালে দুই নেতা নির্বাচন-পরবর্তী উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ পরিচালনায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিএনপি সূত্রে জানানো হয়, এই সাক্ষাৎ মূলত নতুন বাংলাদেশে একটি ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা করার লক্ষ্যেই আয়োজিত হয়েছে।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলাপকালে তিনি দলীয় নেতাকর্মীদের বিশৃঙ্খলা ও সহিংসতা দমনে সর্বোচ্চ কঠোর হওয়ার আহ্বান জানাবেন। বৈঠকেও তারেক রহমান নির্বাচন-পরবর্তী যেকোনো ধরণের সহিংসতা রোধে প্রশাসন ও জনগণকে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।
জামায়াত আমিরের বাসা থেকে বেরিয়ে রাত ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যান তারেক রহমান। সেখানেও তিনি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

-বেলাল