নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের আহ্বান আসকের

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

রাজনৈতিক দলগুলোকে সংযম দেখাতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য তুলে ধরে আসক জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সীগঞ্জ ও বাগেরহাটে দুইজন নিহত হয়েছেন। দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ ও হামলায় দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একইসঙ্গে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানায়, এটি শুধু ফৌজদারি অপরাধ নয়, মানবিক মর্যাদা ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, প্রতিটি নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে রাষ্ট্রের।

বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে নারী, সংখ্যালঘু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরী বলে জানায় আসক। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা বা মানবাধিকার লঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলে উল্লেখ করে সংস্থাটি।

এ অবস্থায় প্রতিশোধমূলক সহিংসতা, হামলা, দখল, ভীতি প্রদর্শন বা নারী নির্যাতনের ঘটনা ঠেকাতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কঠোর ও স্পষ্ট নির্দেশনা দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে আসক। একইসঙ্গে প্রতিটি সহিংসতা ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

-বেলাল