শিবপুরে বিজয়ী এমপি আলহাজ্ব মনজুর এলাহীকে ফুলেল সংবর্ধনা।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা। শনিবার ও রোববার দিনব্যাপী শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে আনন্দমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গত ১২ তারিখ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্তভাবে বিজয়ী হন মনজুর এলাহী। তিনি পেয়েছেন ৮১,৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫,৪০১ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ৫৭ শতাংশ।

উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এ আসনে অংশগ্রহণ করেনি। এর আগে এ আসন থেকে বিএনপির মহাসচিব, প্রয়াত আবদুল মান্নান ভুঁইয়া চারবার নির্বাচিত হন। দীর্ঘ ১৭ বছর পর আবারও এ আসন পুনরুদ্ধার করে বিএনপি।

বিজয়ের পর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন, নতুন এমপি শিবপুরের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মনজুর এলাহী বলেন, “এ বিজয় শিবপুরবাসীর। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করবো।”
শিবপুরজুড়ে বিজয়ের আনন্দে নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আরিফুল আলম আশিক,শিবপুর,নরসিংদী