বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পারনপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
এদিকে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের আরও ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় দলের ৬ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-সাইমুন










