নাম ভাঙিয়ে পণ্য বিক্রি, আইনি লড়াইয়ে টেইলর সুইফট

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট–এর নাম ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ক্যাথে হোম–এর বিরুদ্ধে। অভিযোগ, ‘সুইফট হোম’ নামে ট্রেডমার্ক ব্যবহার করে তারা বিছানার চাদর ও বালিশ বাজারজাত করার চেষ্টা করছে, যা সাধারণ ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে আইনি পদক্ষেপ নিয়েছেন এই গায়িকা।

সুইফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুইফট হোম’ নামটি এমনভাবে লোগো আকারে ব্যবহার করা হচ্ছে, যা তার স্বাক্ষরের অনুকরণ বলে মনে হতে পারে। ফলে অনেকেই ধরে নিতে পারেন যে পণ্যগুলোর সঙ্গে টেইলর সুইফটের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই আশঙ্কা থেকেই মার্কিন সরকারের কাছে ট্রেডমার্কটি বাতিলের আবেদন করা হয়েছে।

গায়িকার আইনি প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান টিএএস রাইটস ম্যানেজমেন্ট এলএলসি গত বুধবার আনুষ্ঠানিকভাবে আপিল জমা দিয়েছে ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসএ। আইনি নথিতে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে সুইফটের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নিতে চাইছে।

উল্লেখ্য, নিজের নাম, আদ্যক্ষর, অ্যালবামের শিরোনাম এমনকি গানের নির্দিষ্ট অংশের সুরক্ষায় যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ৩০০টিরও বেশি ট্রেডমার্ক নিবন্ধন করেছেন টেইলর সুইফট। পোশাক থেকে শুরু করে গৃহস্থালি পণ্যবিভিন্ন ক্ষেত্রে তার নাম ব্যবহারের অধিকার তিনি আগে থেকেই সংরক্ষণ করে রেখেছেন।

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট। তার রেকর্ডভাঙা বিশ্বভ্রমণ দ্য ইরাস ট্যুর থেকে বিপুল আয় করার পর তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানা গেছে।

নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষায় তিনি বরাবরই কঠোর অবস্থান নেন, আর ‘সুইফট হোম’ সংক্রান্ত এই আইনি পদক্ষেপ সেই অবস্থানেরই সাম্প্রতিক উদাহরণ।

-বিথী রানী মণ্ডল