ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে।
শুক্রবার দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনি জামে মসজিদের ৮তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন সম্পন্ন করা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য। নির্বাচন আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ছিল বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হয়েছে, যা সাধারণ ভোটারদের আস্থা বৃদ্ধি করেছে।
তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করেছে। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক দক্ষতার দিক থেকে সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে চিহ্নিত হতে পারে।
উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন আয়োজন ও সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার একটি ইতিবাচক দিক তুলে ধরে। সাধারণ জনগণের অংশগ্রহণ গণতন্ত্রের প্রাণশক্তিকে দৃঢ় করেছে। ভোটারদের উপস্থিতি ও আগ্রহ প্রমাণ করে, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও বেশ আগ্রহী।
তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল একটি ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সমন্বিত চর্চা। এ জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে।
এসময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, ধর্মসচিব মো. কামাল উদ্দীন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ মসজিদ নির্মাণে ধর্ম মন্ত্রণালয় থেকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
-সাইমুন










