গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, ১৯৯টি আসনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ভোটের হার নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের গত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার ছিল যথাক্রমে ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।
_এজাজ আহম্মেদ/মামুন










