বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে পৌঁছে দিলেন জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ রাজধানীতে নিজের ভোট দেওয়ার পাশাপাশি তাঁর বৃদ্ধা মাকেও ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, ঢাকা–১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু। দুপুরের দিকে ধানমন্ডির বাসা থেকে মাকে নিয়ে তিনি ভোটকেন্দ্রে যান।

এর আগে সকালে গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জুবাইদা রহমান।

সিটি কলেজ কেন্দ্রে পৌঁছানোর পর তার মাকে গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নেওয়া হয়। এ সময় জুবাইদা নিচতলায় অবস্থান করেন। নিরাপত্তাবেষ্টনীর মধ্যে উপস্থিত ভোটারদের অনেকেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেউ কেউ ছবি তোলেন।

বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট দিয়ে নিচে নামেন সৈয়দা ইকবাল মান্দ বানু। পরে তাকে গাড়িতে তুলে দিয়ে জুবাইদা রহমান কেন্দ্র ত্যাগ করেন।

এ সময় সেখানে ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ দলের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

-সাবরিনা রিমি