ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যেসব ভোটকেন্দ্রে স্থায়ী বাউন্ডারি ওয়াল নেই, সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই পাঁচ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মতবিনিময় করেছি। আমি দেখেছি, প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা দায়িত্বে গেলেই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।”
তিনি বলেন, “যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেখানেও বাঁশ দিয়ে বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে। এসব প্রস্তুতি দেখে আমি আশাবাদী যে এখানকার নির্বাচন হবে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজ সফর করে দেখলাম, এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এত বেশি আগে কখনো ছিল না।”
তিনি আরও বলেন, “আগের নির্বাচনগুলোতে যেভাবে সহিংসতা দেখা যেত, এবার এখন পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা করছি, সামনেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না। এ জন্য সবার সম্মিলিত চেষ্টা প্রয়োজন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, “আগে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করতে পারত না। এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব একটি ভালো ব্যবস্থা করেছেন প্রয়োজনে সশস্ত্র বাহিনী প্রতিটি ভোটকেন্দ্র প্রাঙ্গণে দায়িত্ব পালন করতে পারবে। এসব বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-এমইউএম










