কর্মসংস্থানের মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এক কোটি কর্মসংস্থানের কর্মসূচির মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে। তরুণ সমাজের হাতে কাজ তুলে দিতে না পারলে দেশ এগোবে না-এটাই বিএনপির রাজনীতি।

রবিবার বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শেষ নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি।

তিনি আরও বলেন, আজকের এই শেষ সমাবেশ ধোবাউড়ার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। বহু বছর ধরে এই জনপদ অবহেলা, বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু এবার ধোবাউড়ার মানুষ আর নীরব থাকবে না। ধানের শীষে ভোট দিয়ে তারা নিজেদের অধিকার আদায় করবে।

প্রিন্স বলেন, আমি নির্বাচিত হলে ধোবাউড়ায় কল-কারখানা স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধি, হাওর ও সীমান্ত এলাকার উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প গড়ে তোলা হবে। দীর্ঘদিনের দাবির বাস্তবতায় ধোবাউড়া পৌরসভা গঠন করে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল। সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর স্ত্রী রাবেয়া আলী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মওলানা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যন জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, সাবেক চেয়ারম্যন গাজিউর রহমান, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়।

-সাইমুন