ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে নির্বাচনী মাঠ চাঙা করতে সক্রিয় হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। ভোটের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরে বর্ণাঢ্য পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করে সংগঠনটি।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদের নেতৃত্বে আয়োজিত এই পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা চলাকালে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তরুণ সমাজের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে বিএনপির বিকল্প নেই। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তারা নির্বাচনী ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করেন।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন,
“খাগড়াছড়ির মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। দীর্ঘদিন ধরে ভোটের অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এই নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ। ওয়াদুদ ভূইয়া একজন পরীক্ষিত নেতা, যিনি মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। ছাত্রদল সব সময় জনগণের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবে।”
তিনি আরও বলেন, ভয়ভীতি উপেক্ষা করে তরুণরা এবার রাজপথে নেমেছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করে। কর্মসূচি থেকে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাগড়াছড়িতে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি










