ইসিকে ‘আম জনগণ পার্টির’ আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’। ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে কঠোর আন্দোলন ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নীতিনির্ধারকরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, “আমরা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। সেই পরিবেশ রক্ষায় আমরা আপাতত বড় কর্মসূচি দিচ্ছি না। তবে ১২ ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিবন্ধন না দেওয়া হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। প্রয়োজনে সচিবালয় ঘেরাও বা লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে।”

বেলা ১১টার দিকে দলটির নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে অবস্থান নিলে এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তারা বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের কণ্ঠে- ‘নিবন্ধন দে, নইলে গদি ছেড়ে দে’, ‘হুদা গেছে যেই পথে, নাসির যাবে সেই পথে’- এমন সব স্লোগান শোনা যায়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিবের কুশপুতুলে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছিল দলটির কর্মীরা।

সমাবেশ শেষে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন বরাবর তাদের দাবিনামা ও স্মারকলিপি পেশ করে। দলটির নেতারা জানান, তারা দীর্ঘ দিন ধরে নিবন্ধনের জন্য আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করলেও কমিশন থেকে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না।

উল্লেখ্য, ড. মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বাধীন এই দলটি সম্প্রতি তাদের নাম ‘আ-আম জনতা পার্টি’ থেকে পরিবর্তন করে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ রেখেছে। আজ আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

-লামিয়া আক্তার