একটু সহায়তাই এনে দিতে পারে অসহায় শিশুদের মুখে আনন্দের হাসি! এতিম শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা Send A Little Hope-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ‘প্রজেক্ট হোপ’ নামে একটি মানবিক প্রকল্প।
এই প্রকল্পের আওতায় ১০০ জন এতিম শিশুকে এক বছর মেয়াদে প্রতি মাসে ৩,৩৬০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিশুদের খাদ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রেরণ করা হয়ে থাকে। প্রতি মাসে মোট ৩,০০,০০০ টাকা এই প্রকল্পের আওতায় এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার আশ ফাউন্ডেশন ও Send A Little Hope -এর যৌথ উদ্যোগে Orphankind, orphan support program 2026 শিরোনামে একটি সেশনের আয়োজন করা হয়। আল হুমায়রা মহিলা মাদ্রাসায় আয়োজিত এই সেশনে এতিম শিশুদের মাঝে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উন্নয়ন সম্পর্কিত সচেতনতা সৃষ্টি হয়। এই আয়োজনে শিশুদের হাত ধোয়া, আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি শেখানো হয়েছে। এসময় শিশুদের মেধা বিকাশের জন্য চিত্রাঙ্কনেরও আয়োজন করা হয়। এছাড়াও শিশুদের মাঝে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, ছোট ছোট এই নিষ্পাপ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ কার্যকরি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেন্ড এ লিটল হোপ-এর সিইও মুজাহিদুল ইসলাম এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। আয়োজকরা বলেন, প্রজেক্ট হোপ শুধু আর্থিক সহায়তা নয় বরং এটি প্রতিটি শিশুর জন্য যত্ন, মর্যাদা ও একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব শিশুদের সহযোগিতার জন্য সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় বাছাই করেছে আশ ফাউন্ডেশন। এতিম শিশুদের সহযোগিতার জন্য এই প্রকল্পটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সমাজের অবহেলিত এতিম শিশুদের জীবনে আশার আলো জ্বালাতে ‘প্রজেক্ট হোপ’ একটি সময়োপযোগী উদ্যোগ।
ইসমাইল ইমন চট্টগ্রাম










