যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষককে বহিষ্কার

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষক হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।

‎এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম কখনও ছাত্রীদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়।

যৌন হয়রানি সেলের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক বলেন, দুজন শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড.শাকিবুল ইসলাম মেয়েদের সুপারভাইস করতে পারবেন না।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশীদ বলেন, কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে সুনির্দিষ্ট শাস্তি আশা অবধি তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

‎উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী ৩১ পৃষ্ঠার লেখা অভিযোগপত্রে শামীম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির বিস্তারিত বর্ণনা দেন। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ করেন।

-সাইমুন