ডিজিটাল প্ল্যাটফর্মেও ইতিহাস গড়ল রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ব্লকবাস্টার চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে রেকর্ড ব্যবসার পর নেটফ্লিক্সে মুক্তির প্রথম সপ্তাহেই ভেঙে দিয়েছে একাধিক সুপারহিট ছবির রেকর্ড।
গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তির পর মাত্র এক সপ্তাহে ৭.৬ মিলিয়ন (৭৬ লাখ) ভিউ অর্জন করেছে ‘ধুরন্ধর’। এটি এখন পর্যন্ত কোনো ভারতীয় পোস্ট–থিয়েট্রিকাল হিন্দি সিনেমার সর্বোচ্চ প্রথম সপ্তাহান্তের ভিউয়ের রেকর্ড।
এর মাধ্যমে ছবিটি পেছনে ফেলেছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’, হৃতিক রোশনের ‘ফাইটার’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’।
এর আগে নেটফ্লিক্সে প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল ‘অ্যানিমেল’-এর, যা ছিল ৬.২ মিলিয়ন (৬২ লাখ)। সেখানে ‘ধুরন্ধর’ বড় ব্যবধানে এগিয়ে গেছে। ‘ফাইটার’ প্রথম সপ্তাহান্তে পেয়েছিল ৫.৯ মিলিয়ন (৫৯ লাখ ভিউ, আর ‘পুষ্পা ২: দ্য রুল’ পেয়েছিল ৫ মিলিয়ন (৫০ লাখ) ভিউ।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একটি স্পাই অ্যাকশন থ্রিলার। এতে রণবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, যিনি পাকিস্তানের লিয়ারি এলাকায় প্রবেশ করে ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের মিশনে নামেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবন। সহশিল্পী হিসেবে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদি।
বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। একই সঙ্গে এটি ভারতের ঘরোয়া বক্স অফিসে প্রথম ১ হাজার কোটি টাকা অতিক্রমকারী বলিউড সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।
-সাইমুন










