বিনা টাকায় ভোট দিলে পাঁচ বছরের দায়িত্ব নেবো: সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, ভোটাররা যদি বিনা টাকায় ভোট দেন, তবে আগামী পাঁচ বছর তাদের জন্য দায়িত্ব নেবেন তিনি। একই সঙ্গে বিভিন্ন কার্ড ও সেবা পেতে তাদের কোনো অর্থ দিতে হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি বলেন, “আপনারা বিনা টাকায় এই পাঁচটা দিন আমাদের জন্য কাজ করবেন, আগামী পাঁচ বছরে আপনারা যে সেবা পাবেন তার দায়িত্ব আমি নেব। এই দেড় বছরে কেউ বলতে পারবে না যে, আমাদের কাজের জন্য আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমরা এই পরিবর্তনের জন্যই এসেছি।”

সারজিস আলম আরও বলেন, “চাঁদার টাকা আমাদের কাছে নেই। অন্য দল চাইলে ভোট কিনতে পারে, কিন্তু আমরা একটাও ভোট টাকা দিয়ে কিনতে পারবো না। যদি মনে করেন আমাদের ভালো থাকতে হবে, এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান দরকার, তাহলে বিনা টাকায় ভোট দিয়ে শাপলা-কলিকে জিতাতে হবে।”

তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “কারো ভয়ে বা প্ররোচনায় নিজস্ব বিবেককে প্রভাবিত করবেন না। যারা মানুষের জন্য কাজ করতে পারবে, তাদেরই ভোট দিন। আমরা আমাদের জায়গা থেকে আপনার জন্য জান-প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করব।”

সারজিস আলম জামায়াতের সঙ্গে জোট নিয়ে মন্তব্য করে বলেন, “কেউ জামায়াতের সঙ্গে জোটকে কেন্দ্র করে নানা কথা বলছে। কিন্তু আমরা তাদের ভালো আচরণ দেখেছি। তারা সাধারণ সময়ে মানুষের ওপর নির্যাতন করেনি। আমরা ভালো মানুষের সঙ্গে জোট করেছি।”

-এমইউএম