বিদ্যালয়ে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা : অভিযোগ ১৫ বছরের শিক্ষার্থীর বিরুদ্ধে

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পেমব্রোকশায়ারে একটি বিদ্যালয়ে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি (গ্রিভিয়াস বডিলি হার্ম) ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার বিকেলে পেমব্রোকশায়ারের মিলফোর্ড হেভেন কমপ্রিহেনসিভ স্কুলে এক শিক্ষককে অস্ত্র নিয়ে হামলার খবর পেয়ে সেখানে পৌঁছায় ডাইফেড-পাওইস পুলিশ। হামলায় শিক্ষক গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে আঘাতকে ছুরিকাঘাত নয় বলে উল্লেখ করা হলেও পরবর্তী নিশ্চিতকরণে দেখা যায়, শিক্ষক ছুরিকাঘাতে আহত হয়েছেন। পুলিশ ভুক্তভোগী শিক্ষককে এই “মানসিকভাবে আঘাতজনক ঘটনার” পর পুনরুদ্ধারে সহায়তা দিচ্ছে।

অভিযুক্ত কিশোরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং শনিবার তাকে সোয়ানসি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। ঘটনার পর নিরাপত্তা জোরদারে বিদ্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর ম্যাথিউ ব্রিগস জানান, “আগামী কয়েক দিন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ উপস্থিতি থাকবে, যাতে জনগণ আশ্বস্ত থাকে।”

ঘটনার জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সব কার্যক্রম বাতিল করা হয়। শুক্রবার স্কুল বন্ধ রাখা হলেও মানসিক সহায়তার প্রয়োজন রয়েছে-এমন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্কুল খোলা ছিল। ওয়েলসের ফার্স্ট মিনিস্টার এলেনেড মরগান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতার স্থান নেই।” তিনি আহত শিক্ষক, তার পরিবার ও পুরো স্কুল সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। শিক্ষকদের সংগঠন এনএএসইউডব্লিউটি -এর মহাসচিব ম্যাট র্যাক বলেন, “বিদ্যালয় হওয়া উচিত নিরাপত্তা ও শিক্ষার জায়গা-ভয় ও সহিংসতার নয়।”

-বেলাল হোসেন