নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অ–১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনাল ম্যাচে তারা ৪–০ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ম্যাচের প্রথমার্ধে ভারত ১–০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচে ১৮ গোল করলেও কোনো গোল হজম করেনি দলটি। তবে ফাইনালে এসে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। বাংলাদেশ কোনো গোল করতে না পারলেও ভারত চারবার বল জালে পাঠায়। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবলে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখায় ভারত, বিপরীতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া।
গ্রুপ পর্বে বাংলাদেশ ২–০ গোলে ভারতকে হারিয়েছিল। সে ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কোচ বাটলারের দল। রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে এবং গোলরক্ষক ইয়ারজান দুটি গুরুতর ভুল করেন।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সে পুরোপুরি আনমার্কড থেকে প্লেসিং শটে গোল করেন। দ্বিতীয়ার্ধে একটি বিতর্কিত সিদ্ধান্তে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে ভারতের একটি লং বল ধরতে গিয়ে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান। এরপর ভারতীয় ফরোয়ার্ডের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই পেনাল্টি থেকে ভারত ব্যবধান দ্বিগুণ করে।
এর কিছুক্ষণ পর প্রতীমার ব্যাকপাস থেকে শট নিতে গিয়ে আবারও ভুল করেন ইয়ারজান। সামনে থেকে চাপ দেওয়া পার্ল ফার্নান্দেজের শরীরে বল লাগার পর সহজ সুযোগে গোল করে ভারত। ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৪–০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কোচ বাটলারের দল।
-এমইউএম










